.
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, প্রাকৃতিক বনে কিসের সামাজিক বনায়ন। আপনি যদি সামাজিক বনায়ন করেন, তাহলে চুক্তি করবেন উপকারভোগীদের সঙ্গে। এরপর সামাজিক বনায়নের গাছ কেটে উপকারভোগীদের মধ্যে অর্থ বিতরণ করবেন। বনবিভাগের দায়িত্ব টাকা-পয়সা বিতরণ করা না। তাদের দায়িত্ব প্রাকৃতিক বনকে রক্ষা করা। প্রাকৃতিক বনে আর কোনো সামাজিক বনায়ন হবে না। বুধবার টাঙ্গাইল পৌর শহরে ব্যুরো বাংলাদেশ মিলনায়তনে আন্তর্জাতিক পরিবেশ সম্মেলনের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে রিজওয়ানা হাসান বলেন, ঢাকার বুড়িগঙ্গা নদী উদ্ধার করা যাচ্ছে না। নদীর নিচে তিন থেকে চার আস্তরের পলিথিন পড়েছে। এ কারণে ড্রেজিং করা সম্ভব না। তাই আমাদের সবার উচিত পলিথিন ব্যবহার বন্ধ করা। ক্ষতিকর প্লাস্টিক বর্জনের পাশাপাশি এর উৎপাদনও বন্ধ করতে হবে। নতুন করে ইটভাটা নির্মাণের লাইসেন্স দেওয়া হবে না বলেও জানান তিনি।













