শেখ হাসিনা সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, হুইপ, এমপি, সচিব ও পুলিশ কর্মকর্তারা সম্পদের পাহাড় গড়েছেন। এমন অন্তত ১০০ জনের একটি প্রাথমিক তালিকা তৈরি করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গোয়েন্দা ইউনিট। এই তালিকা অনুযায়ী অর্ধেকের বেশি ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটির বিশেষ তদন্ত শাখা।
তালিকা অনুযায়ী সম্পদের পাহাড় গড়া উপদেষ্টাদের মধ্যে আছেন- সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক এবং বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
মন্ত্রীদের মধ্যে আছেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আবদুর রহমান, রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। এরই মধ্যে তাদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হয়েছে। দুদক সূত্র জানায়, সাবেক এই মন্ত্রী-প্রতিমন্ত্রীদের মধ্যে অন্তত ১০ জনের বিদেশে বাড়ি থাকার তথ্য পাওয়া গেছে।
সাবেক এমপিদের মধ্যে নুরুন্নবী চৌধুরী শাওন, সাইফুজ্জামান শিখর, সাবেক হুইপ সামশুল হক চৌধুরী, নজরুল ইসলাম বাবু, ইকবালুর রহিম, মোস্তাফিজুর রহমান চৌধুরী, বেনজীর আহমেদ, মাসুদ উদ্দিন চৌধুরী, মাহফুজুর রহমান মিতা, নাছিমুল আলম চৌধুরী ওরফে নজরুল, আয়শা ফেরদৌস, রণজিত কুমার রায়, জাকির হোসেন, হাবিব হাসান, অ্যাডভোকেট নূরুল ইসলাম তালুকদার, আবদুল ওদুদ, নিজাম উদ্দিন হাজারী, এনামুল হক, নাঈমুর রহমান দুর্জয়, শওকত হাচানুর রহমান রিমন, আনোয়ারুল আশরাফ খান ওরফে দিলীপ, সাদেক খান, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, আকতারুজ্জামান বাবু, শফিকুল ইসলাম শিমুল, তানভীর ইমাম, সোলায়মান হক জোয়ার্দ্দার ওরফে সেলুন, শাহে আলম তালুকদার, ডা. মনসুর রহমান, মো. আবুল কালাম আজাদ, ধীরেন্দ্র নাথ শম্ভু, জান্নাত আরা হেনরী, অসীম কুমার উকিল ও তার স্ত্রী যুব মহিলা লীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের এমপি অপু উকিলের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হয়েছে।













