মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনী ও আরাকান আর্মি আরও একটি বিদ্রোহী সংগঠনের মধ্যে তীব্র লড়াই চলছে। এ ঘটনার জেরে প্রাণ বাঁচাতে রোহিঙ্গারা কৌশলে কক্সবাজারের টেকনাফে ঢুকে পড়ছেন। শনিবার ( ৭ সেপ্টেম্বর) বেলা ১১টা পর্যন্ত বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে টেকনাফের বাসিন্দারাও আতঙ্কে রয়েছেন।
সূত্রে জানা গেছে, মিয়ানমার রাখাইন রাজ্যের মংডু টাউনশিপ এলাকায় সরকারি বাহিনীর সঙ্গে আরাকান আর্মি ও আরও একটি সশস্ত্র বিদ্রোহী সংগঠনের মধ্যে সংঘাত চললেও সেটি এখন আরও তীব্র হয়েছে। শুক্রবার রাত থেকে মংডুর বিভিন্ন এলাকা থেকে থেমে থেমে মর্টার শেল, গ্রেনেড-বোমার বিস্ফোরণের শব্দ ভেসে এসেছে মিয়ানমার সীমান্তবর্তী বাংলাদেশের টেকনাফের বিভিন্ন এলাকায়।
রাখাইনে চলমান সংঘাতের মধ্যে সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়লেও রোহিঙ্গাদের অনেকেই পালিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছেন। সীমান্তের একাধিক সূত্র জানিয়েছে, গত দুই সপ্তাহে বাংলাদেশে ঢুকে পড়েছেন প্রায় ১২ হাজার রোহিঙ্গা। সীমান্তের ওপারে বাংলাদেশে ঢুকে পড়ার চেষ্টায় রয়েছেন আরও প্রায় ৫০ হাজার রোহিঙ্গা। ছয় মাস ধরে এই সংঘাত চলছে। এখন সংঘাত সবচেয়ে তীব্র আকার ধারণ করেছে।
টেকনাফ পৌরসভার কাউন্সিলর আরাফা বেগম বলেন, মিয়ানমারের রাখাইনের ওপারে মর্টার শেল ও শক্তিশালী গ্রেনেড-বোমার বিস্ফোরণে এপারের ঘরবাড়ি কাঁপছে। বিস্ফোরণের শব্দ শুনে মনে হয় বসতঘরের চালার ওপর বোমা এসে পড়ছে। রাতে বিকট শব্দে বিস্ফোরণে ঘুম ভেঙে শিশুরা কান্নাকাটি শুরু করে দিচ্ছে।













