মিয়ানমারের রাখাইন সীমান্তে একের পর এক মর্টারশেল ফায়ার ও হেলিকপ্টার থেকে ছোঁড়া গুলির শব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত। মঙ্গলবার (২৫ জুন) সকাল থেকে টেকনাফ সীমান্ত জেটিঘাটে ওপারের গোলাগুলি বিকট শব্দ ভেসে আসছে।
টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র মুজিবুর রহমান জানান, মিয়ানমার রাখাইনের ঘটনায় এপারের সাধারণ মানুষ কষ্টে জীবন পার করছে। তারা ঠিকমত কাজেও যেতে পারছে না।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি সকালে আবারও থেমে থেমে মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। সীমান্ত এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করার পাশাপাশি বিজিবি ও কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে।













