বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আবারও কোনো মন্তব্য করা থেকে বিরত থাকল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার নয়াদিল্লিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের এমন অবস্থানই পুনর্ব্যক্ত করা হয়েছে।
সাংবাদিকদের একজন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে প্রশ্ন করেন, ‘অতীতে আমরা আপনাকে প্রতিবেশী অনেক দেশের নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানাতে দেখেছি। ভারত তার নিকটতম প্রতিবেশী বাংলাদেশে আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনকে কেমন দেখছে?’
এই প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘বাংলাদেশের নির্বাচনকে আমরা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবেই দেখি। আমার মনে হয়, একটি বন্ধুত্বপূর্ণ ও প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা পররাষ্ট্র মন্ত্রণালয়ের (ভারতের) জন্য যথার্থ হবে না।’
প্রসঙ্গত, ঢাকায় ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলাও বিভিন্ন সময় বাংলাদেশের নির্বাচনকে এ দেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ভারতীয় হাইকমিশনারও বলেছেন, ভারত এ দেশে গণতান্ত্রিক অগ্রযাত্রা ও অবাধ, সুষ্ঠু নির্বাচন চায়।













