বিভাগীয় শহর সিলেটের মানুষের একটি বড় অংশই প্রবাসী। লন্ডন প্রবাসীর মধ্যে প্রায় ৯৭ ভাগই সিলেটি বংশোদ্ভূত। সিলেটের প্রবাসীরা বিদেশে থাকলেও তাদের মন পড়ে থাকে সুরমা নদীর পাড়ে।
এসব প্রবাসীরা স্থানীয় রাজনীতিতে ও উন্নয়নে অবদান রাখতে চান। তাই যে কোনো নির্বাচনে দলবেঁধে প্রবাসীরা ছুটে যান নিজের এলাকায়। জাতীয় বা স্থানীয় নির্বাচনে তাদের উপস্থিতি ভোটের ফলাফলেও যথেষ্ট অবদান রাখে। বরাবরের মতো এবারও জাতীয় নির্বাচন উপলক্ষে প্রবাসীরা দেশে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। প্রিয় প্রার্থীর মনোনয়ন নিশ্চিত হওয়ার পরই দেশে যাবেন তারা।
জানা গেছে, আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে সিলেট বিভাগের কয়েক হাজার প্রবাসী সিলেটে ফিরবেন। অনেকেই নির্বাচনের তফসিল ঘোষণার পরই দেশে ফিরে প্রচারণায় অংশগ্রহণ করছেন। দূরদেশে বসবাস করলেও দেশের উন্নয়ন, সামাজিক, রাজনৈতিক বিষয়েও প্রবাসীরা যথেষ্ট সচেতন। অনেকে বিদেশে স্থায়ীভাবে বসবাস করলেও নাগরিক সুবিধাসংবলিত একটি আধুনিক সিলেটের স্বপ্ন দেখেন তারাও।
যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য সেলিম আহমদ খাঁন বলেন, জাতীয় নির্বাচন মানেই আমাদের কাছে একটি উৎসব। প্রতি নির্বাচনে দেশে যাওয়া হয়। এবারও অপেক্ষায় আছি দেশে যাওয়ার জন্য। আমার নির্বাচনী এলাকা সিলেট-৬ আসনে মাননীয় মন্ত্রী নুরুল ইসলাম নাহিদের মনোনয়ন চূড়ান্ত হওয়ার পরই শতাধিক প্রবাসী দেশে তার পক্ষে প্রচারণায় অংশ নিতে দেশে যাবেন।
যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক আফজল হোসেন বলেন, বিএনপি নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত আন্দোলনের অংশ। চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখানে (লন্ডনে), অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে মামালা, এই পরিস্থিতিতে নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত হয়েছে। দেশে দলের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে মুখিয়ে আছেন যুক্তরাজ্য বিএনপি,যুবদল ও অঙ্গসংগঠনের নেতারা।
তিনি বলেন, আমাদের নির্বাচনী এলাকা সিলেট-২ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণায় অংশ নিয়ে ইলিয়াস গুমের জবাব দিতে অবশ্যই বাংলাদেশে যাব। আমরা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ফিরে আসার অপেক্ষায় রয়েছি।
আওয়ামী লীগ সমর্থকরা অপেক্ষায় আছেন দলীয় প্রার্থী চূড়ান্তের অপেক্ষায় আর বিএনপি সমর্থকরা অপেক্ষায় রয়েছেন নির্বাচনের সুষ্ঠু পরিবেশের। তবে প্রবাসীদের অংশগ্রহণে জাতীয় নির্বাচন যে উৎসবে পরিণত হয়েছে তা বলার অপেক্ষা রাখে না।













