কথাটা কি শোনা শোনা লাগছে? বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) যাওয়ার সময় নেইমারকে ঘিরে এমন কথাই শোনা গেছে। ব্রাজিল সুপারস্টারের অভাব ঘুচাতে নতুন কাউকে দলে আনার পরিকল্পনা করছিল বার্সেলোনা। প্রথম পছন্দ ছিল ফরাসি তারকা আতোঁয়া গ্রিজমান। কিন্তু বিখ্যাত স্প্যানিশ ক্লাবটিতে যেতে ঝেড়ে না করে দিয়েছেন এই তারকা স্ট্রাইকার! সোজা বলে দিয়েছেন, লিওনেল মেসির ছায়া হয়ে থাকতে চান না তিনি!
এক সাক্ষাৎকারে গ্রিজমান বার্সায় না যাওয়ার কারণ সম্পর্কে বলেছেন, ‘আমার ক্লাবের কোচ আর সতীর্থরাও আমাকে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে অনেক সাহায্য করেছে। অ্যাটলেটিকো আমার বেতনও বাড়িয়ে দিয়েছে। আমাকে তারা বুঝিয়েছে, যে অ্যাটলেটিকোই আমার ঘর, ঘর ছেড়ে আমার যাওয়া উচিত হবে না। অবচেতন মনে এই কথাটাও আমার মধ্যে কাজ করেছে, যে বার্সেলোনায় গেলে তো আমাকে মেসির অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকতে হবে। রাত তিনটায় ঘুম থেকে উঠে আমি এসব নিয়ে আমার স্ত্রীর সঙ্গে আলোচনা করতাম। অনেক কঠিন সময় গিয়েছে আমার জন্য তখন।’
উল্লেখ্য, অ্যাটলেটিকো মাদ্রিদের স্ট্রাইকারকে অনেকদিন ধরেই দলে টানার চেষ্টা করে যাচ্ছিল বার্সেলোনা। কিন্তু কয়েকদিন আগে সকল জল্পনার অবসান ঘটিয়ে দেন গ্রিজমান। এক ভিডিও বার্তায় তিনি বলেছিলেন, ‘বার্সেলোনাকে ‘না’ বলাটা আসলেই অনেক কঠিন ছিল আমার জন্য। এক দিকে আছে বার্সেলোনা, যারা আমাকে পাওয়ার জন্য প্রতিদিন ফোন করছে, টেক্সট মেসেজ পাঠাচ্ছে, আর আরেকদিকে রয়েছে অ্যাটলেটিকো, যে ক্লাবে আমি আছি। আমি এই দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং দল আমাকে ঘিরেই তাদের সব পরিকল্পনা সাজাচ্ছে।’













