ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোকে ফোন করে ভূমিকম্প ও সুনামির আঘাতে সে দেশের জীবন ও সম্পদহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ফোনালাপে তাদের মধ্যে প্রায় ১০ মিনিট কথোপকথন হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আলাপে বিপদাপন্ন ইন্দোনেশিয়ার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি তিনি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান ও প্রাকৃতিক দুর্যোগে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
প্রধানমন্ত্রী বলেন, ইন্দোনেশিয়া একা নয়। বাংলাদেশও এ বিপদে ইন্দোনেশিয়ার পাশে আছে। এই মুহূর্তে ইন্দোনেশিয়ার কী ধরনের সাহায্য প্রয়োজন তা তিনি জানাতে বলেছেন।
ইন্দোনেশিয়ার দুর্যোগকালীন মুহূর্তে বাংলাদেশ সব ধরনের সাহায্য পাঠাতে প্রস্তুত বলে জোজো উইদোদোকে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।













