বলা হয়ে থাকে, সাহিত্যিকরা ব্যবসা বুঝেন না, আর ব্যবসায়ীরা বুঝেন না সাহিত্য। প্রচলিত এই সমীকরণের বাইরের এক মানুষ সোহানী হোসেন। প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়েও তিনি একাধারে কবি, শিল্পী, গল্পকার ও গীতিকার। চলতি বছর ১৪৭তম দাদা সাহেব ফালকে পুরস্কার পাওয়া এই মহীয়সী নারীর আজ জন্মদিন।
১৯৬৭ সালের ২২শে জুন নাটোর জেলা সদরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ইউনিভার্সাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও নারী শিল্প উদ্যোক্তা সোহানী হোসেনের জন্ম। ছোটবেলা থেকেই তিনি শিল্প, সংস্কৃতি ও ক্রীড়া জগতের সাথে জড়িত।
তিনি ১৯৮৩ সালে নাটোর সরকারি বালিকা বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৮৬ সালে নবাব সিরাজ-উদ্-দৌলা কলেজ থেকে এইচএসসি ও ১৯৮৮ সালে নবাব সিরাজ-উদ্-দৌলা ডিগ্রি কলেজ থেকে বিএ পাস করেন।
পড়ালেখার পাশাপাশি বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ছিল তার ব্যাপক অংশগ্রহণ। এর সুবাদেই মূলত তার লেখক হয়ে উঠা। তবে শুধু লেখালেখি নয়, বাংলা চলচ্চিত্র শিল্পেও তার অবদান রয়েছে। যার দরুন চলতি বছর ‘স্পেশাল কন্ট্রিবিউশন অন সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি’ ক্যাটাগরিতে দাদা সাহেব ফালকে পুরস্কার অর্জন করেন।
এই সফল ব্যবসায়ী সঠিক পথ-নির্দেশনা দিয়ে গড়ে তুলেছেন নিজের প্রতিষ্ঠানকে। কর্মসংস্থান তৈরি করেছেন শত শত মানুষের। সহযোগিতার হাত বাড়িয়ে জাগিয়ে তুলেছেন বহু প্রতিভাকে। সদালাপ, মিষ্টভাষা আর উচ্ছলতা দিয়ে জয় করেছেন হাজার হাজার মানুষের মন। তার জন্মদিনে ইত্তেফাক অনলাইনের পক্ষ থেকে শুভেচ্ছা।













