নব্বই দশকে এদেশে ব্যান্ড সংগীতের স্বর্ণযুগ ছিলো। অসংখ্য ব্যান্ডদল তখন গড়ে উঠেছিলো নানা চেতনা ও ভাবনায়। প্রমিথিউস ছিলো তার মধ্যে অন্যতম একটি। এই ব্যান্ডের হয়ে অসংখ্য গান গেয়ে শ্রোতানন্দিত হয়েছেন দলপ্রধান বিপ্লব।
গানের সেই সুদিন আর নেই। একে একে ব্যান্ডদলগুলোও নিজেদের আড়ালে সরিয়ে নিয়েছে। নিতান্তই গানের প্রতি ভালোবাসার টানে কেউ কেউ ফিরে আসছেনও। সেই তালিকায় নতুন নাম বিপ্লব। ঈদ উপলক্ষে শিগগিরই তিনি ‘আমার কোনো টেনশন নাই’ শিরোনামে একক অ্যালবাম প্রকাশ করছেন। এটি হবে বিপ্লবের ১১তম একক। প্রায় সাত বছর পর কোনো একক নিয়ে আসছেন বিপ্লব।
জানা গেছে, এই অ্যালবামে ভবানীপ্রসাদ মজুমদারের জনপ্রিয় ছড়া ‘ছেলে আমার খুব ‘সিরিয়াস’ কথায় কথায় হাসে না/জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসে না-’ নিয়ে গান বেঁধেছেন বিপ্লব।
অ্যালবামে আরো থাকছে রক, মেলোডি, আধ্যাত্মিক ধারার গান। ছড়া গানের পাশাপাশি থাকছে ‘কাফনের কাপড়ে পকেট থাকেনা’, ‘এই তো জীবন’ প্রভৃতি শিরোনামের গানগুলো। গীতিকবির তালিকায় আছেন- ভবানীপ্রসাদ মজুমদার, রেজাউদ্দিন স্টালিন, মোহাম্মদ হোসেন জেমী, বশির আহমেদ, রাজু আহমেদ ও বিপ্লব নিজে। ৮টি গান দিয়ে সাজানো হয়েছে ‘আমার কোনো টেনশন নাই’ অ্যালবামটি।
দুই একদিনের মধ্যেই অ্যালবামটির টাইটেল ট্র্যাক প্রকাশ হবে ফেসবুক ও ইউটিউবে। এরপর এই গানের ভিডিও করার পরিকল্পনাও রয়েছে শিল্পীর।













