ঝিনাইদহে পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী হত্যাকাণ্ডের ঘটনায় এনামুল হক (২৫) নামের এক শিবির নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার রাত আটটার দিকে ঝিনাইদহ পুলিশ সুপার আলতাফ হোসেন এক প্রেস ব্রিফিং এসব কথা জানিয়েছেন।
এনামুল ঝিনাইদহ পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ড শিবিরের সেক্রেটারি ও সদর উপজেলার আড়মুখ গ্রামের ফজলুল হক জোয়ারদারের ছেলে। তিনি শহরের হামদহ মোল্লাপাড়ায় বাস করতেন।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সোমবার দিবাগত রাত দুইটার দিকে ঢাকার গাবতলী থেকে এনামুলকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে ঝিনাইদহের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম ফাহমিদা জাহাঙ্গীরের আদালতের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এনামুল।
পুলিশ কর্মকর্তা আলতাফ বলেন, সোমবার রাতে ঢাকার গাবতলী থেকে এনামুল গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার বিকালে অতিরিক্ত অতিরিক্ত প্রধান মুখ বিচারিক হাকিম ফাহমিদা জাহাঙ্গীরের আদালতে এ হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন তিনি। ছাত্রশিবিরের কেন্দ্রীয় সিদ্ধান্তে পুরোহিত আনন্দ গোপালকে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডে ছাত্রশিবিরের সাতজন জড়িত বলে এনামুল জানিয়েছেন।
উল্লেখ্য, গত ৭ জুন ঝিনাইদহ সদর উপজেলায় গ্রামের মেঠোপথে আনন্দ গোপাল গাঙ্গুলিকে গলা কেটে হত্যা করে মোটরসাইকেলে আসা তিন যুবক। পরদিন তার ছেলে অরুণ গোপাল গাঙ্গুলি ঝিনাইদহ সদর থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে একটি মামলা করেন।

ঝিনাইদহে পুরোহিত হত্যা : শিবির নেতার স্বীকারোক্তিমূলক জবানবন্দি
প্রতিবেদক:-
ডেইলি বাংলা বাজার
–












