ইরানের জনগণের দেশজুড়ে চলমান বিক্ষোভ অব্যাহত রাখা এবং দেশের প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নেওয়া উচিত বলে মঙ্গলবার মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ইরানি কর্তৃপক্ষ ব্যাপক আন্দোলনের বিরুদ্ধে দমন অভিযান জোরদার করেছে।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লেখেন, ‘ইরানি দেশপ্রেমিকরা, প্রতিবাদ চালিয়ে যান—আপনাদের প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নিন!!!’
তিনি আরো লেখেন, ‘হত্যাকারী ও নির্যাতনকারীদের নাম সংরক্ষণ করুন। তাদের বড় মূল্য দিতে হবে।আরেকটি পোস্টে তিনি বলেন, ‘প্রতিবাদকারীদের অর্থহীন হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত আমি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব বৈঠক বাতিল করেছি। সাহায্য পথে রয়েছে।’
ইরানের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের হুমকি বারবার দেওয়া ট্রাম্প তার বার্তার শেষে ‘মিগা’—‘মেক ইরান গ্রেট এগেইন’ লিখে স্বাক্ষর করেন।
প্রেসিডেন্ট তার প্রতিশ্রুত ‘সাহায্য’ কী ধরনের হবে, তা স্পষ্ট করেননি।













