গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্লোবাল সুপার লিগ টি-টুয়েন্টি টুর্নামেন্টে এক শ্বাসরুদ্ধকর ম্যাচে মাত্র ১ রানে জয় পেল রংপুর রাইডার্স। পেসার খালেদ আহমেদের বিধ্বংসী চার উইকেট শিকারে হোবার্ট হারিকেনসকে পরাজিত করে জয়ের আনন্দে মাতল রংপুর।
প্রথমে ব্যাট করে রাইডার্স সংগ্রহ করে ১৫১ রান। লক্ষ্য ছোট হলেও, হারিকেনসের শুরুটা ছিল দুর্দান্ত।অধিনায়ক বেন ম্যাকডারমট মাত্র ১৯ বলে ৩৪ রান করে দলকে এগিয়ে নেন। তবে ষষ্ঠ ওভারে খালেদ আহমেদের এক ঝলকে বদলে যায় ম্যাচের চিত্র। তিনি ম্যাকডারমটকে ফিরিয়ে দিয়ে রাইডার্সকে ম্যাচে ফেরান।
এরপর ধীরে ধীরে চাপে পড়ে হারিকেনসের মিডল অর্ডার।ম্যাকালিস্টার রাইট (১৪), জ্যাক ডোরান (৯) ও নিখিল চৌধুরী (৯) কিছুই করতে পারেননি। বল হাতে দারুণ সঙ্গ দেন ইফতিখার আহমেদ (২ উইকেট) ও রাকিবুল হাসান (১ উইকেট)।
তবে ম্যাচের আসল নাটকীয়তা তৈরি হয় শেষদিকে। খালেদ দ্বিতীয় স্পেলে ফিরে এক ওভারে ফেরান ওডিয়ান স্মিথকে।পরের ওভারে ফাবিয়ান অ্যালেন ও রাফ ম্যাকমিলানকে। ফলে শেষ ওভারে হারিকেনসের দরকার পড়ে ১৩ রান, হাতে মাত্র ২ উইকেট।
মোহাম্মদ নবী একাই লড়াই চালিয়ে যান। ৩৬ বলে ৪৪ রান করে জয়ের আশা জাগান তিনি। কিন্তু ওভারের চতুর্থ বলে ওমরজাইয়ের হাতে ধরা পড়েন নবী।শেষ বল পর্যন্ত নাটক চলে — দ্বিতীয় রান নিতে গিয়ে রানআউট হন বিলি স্ট্যানলেক, আর ১ রানে জয় পায় রাইডার্স।
খালেদ আহমেদ ৪ ওভারে ২৬ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন। এটি ছিল টুর্নামেন্টে তার টানা দ্বিতীয় চার উইকেট শিকার।
এই জয়ের মাধ্যমে রংপুর রাইডার্স দুই ম্যাচে দুই জয় নিয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে। আগামী ১৬ জুলাই তারা মাঠে নামবে দুবাই ক্যাপিটালসের বিপক্ষে।













