বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়নি। আমরা গণতন্ত্রকে উদ্ধার করতে চাই। শিগগিরই দেশে গণতান্ত্রিক উত্তরণ চাই।’
শুক্রবার (১১ জুলাই) ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকার পতনের আন্দোলন এবং মুক্তিযুদ্ধ আলাদা বিষয়। একাত্তর মৌলিক যুদ্ধ। চব্বিশের আন্দোলন তারই ধারাবাহিকতা।
তিনি বলেন, বৈষম্যবিরোধীরা বৈষম্য সৃষ্টি করবেন না।তবে এরই মধ্যে তাই শুরু হয়েছে। আন্দোলনে অংশ নেওয়া ৯৫ শতাংশ শিক্ষার্থী পড়ার টেবিলে ফিরে গেছেন বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির ক্ষমতায় আসা ঠেকাতে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র বলেন, বিএনপিকে যারা ক্ষমতায় দেখতে চায় না, তারা মিলে একটি ঐক্যজোট করুক। ৩০০ আসনে প্রার্থী দিক।













