ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘সংস্কার, স্বৈরাচারীদের বিচার এবং নির্বাচনপ্রক্রিয়া একসঙ্গে চলতে হবে। সংখ্যানুপাতিক (পিআর পদ্ধতি) নির্বাচনব্যবস্থার পক্ষে ইসলামী দলগুলোর ঐকমত্য রয়েছে। দেশের সব ইসলামী দলকে এক করার জন্য ঐক্য গড়ার চেষ্টা করছি, যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী দলগুলো একসঙ্গে থেকে একই বাক্সে ভোট করতে পারে।’
গতকাল মঙ্গলবার নাটোরের গুরুদাসপুর উপজেলা ইসলামী আন্দোলনের নিহত সদস্য গোলাম মোস্তফার কবর জিয়ারতে পার-গুরুদাসপুর গ্রামে এসে ফয়জুল করীম এসব কথা বলেন।নিহতের পরিবারের হাতে এক লাখ ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা দেন এবং পরিবারটির দায়িত্ব নেওয়ারও ঘোষণা দেন তিনি।
তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশে ফয়জুল করীম বলেন, ‘৫৩ বছর যাঁরা দেশ শাসন করেছেন, তাঁরা দেশকে রক্ষা করতে পারেননি। শুধু নেতা বা দল পরিবর্তন করে দেশে শান্তি আসতে পারে না, যতক্ষণ পর্যন্ত নীতি ও আদর্শে পরিবর্তন না আসে। ইসলাম প্রতিষ্ঠিত হলে দেশের মানুষ মুক্তি পাবে।আসুন, দেশ থেকে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মূল উত্পাটনে সবাই হাতপাখা প্রতীকে ভোট দিই।’
এ সময় ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাহাবুবুর রহমান, রাজশাহী ইসলামী যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী, নাটোর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মোহাম্মদ আলী সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।













