আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পরিকল্পনা প্রসঙ্গে দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ‘এনসিপির মাত্র এক মাস হয়েছে। আগামী এক বছরের মধ্যে ইলেকশনের কথা শুনতে পাচ্ছি। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ডিসেম্বর-জানুয়ারির মধ্যে বলা হচ্ছে। ৩০০ আসনে প্রার্থী মনোনয়ন দেওয়া আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।তবে এ চ্যালেঞ্জ দিতে আমরা অভ্যস্ত এবং প্রস্তুত রয়েছি। আগামী এপ্রিল মাসের মধ্যে এনসিপির জেলা ও উপজেলা কমিটি চূড়ান্ত করা হবে।’
শুক্রবার (৪ এপ্রিল) রংপুর নগরের কেরামতিয়া জামে মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সারজিস এসব কথা বলেন। তিনি বলেন, ‘আজ থেকে দলের সাংগঠনিক কার্যক্রম শুরু করেছি।এক সপ্তাহের মধ্যে আমাদের কমিটির যে ফরমেশন প্রক্রিয়া সেদিকে চলে যাব। এপ্রিল মাসের মধ্যে জেলা ও উপজেলা কমিটিগুলো দেখতে পাবেন।’
সারজিস বলেন, ‘প্রতিটি জেলা ও উপজেলায় আমাদের অসংখ্য শুভাকাঙ্ক্ষী রয়েছে, যারা নতুন একটি বাংলাদেশ প্রত্যাশা করে। যারা মনে করে, তরুণরা অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে এবং বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার দক্ষতা আছে।এই নেতৃত্ব যেমন তরুণনির্ভর হবে এবং নেতৃত্বে আমাদের অগ্রজরাও অবশ্যই থাকবেন। সামনে এগিয়ে চলার ক্ষেত্রে তরুণদের সাহস ও উদ্যম যেমন দরকার, তেমনি অগ্রজদের পরামর্শ ও অভিজ্ঞতা অনেক বেশি প্রয়োজন।’
তিনি বলেন, ‘আমরা যখন জনগণের রায়ে বাংলাদেশে নতুন করে নির্বাচনের আশা করছি, তখন আমাদের জনগণের কাছে যেতে হবে। কারণ জনগণ তাদের ভোটাধিকার ফেরত পাবে। জনগণের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে জনগণের প্রতিনিধিত্ব করতে আমরা সংসদে যেতে চাই।
আমরা মাঠঘাট, অলিগলি ও বাড়িতে জনগণের কাছে যাব। আমরা দেশকে নিয়ে যে স্বপ্ন দেখি এবং যা করতে চাই, আমাদের যা প্রত্যাশা, সেগুলো তুলে ধরতে জনগণের কাছে যাব। এত ত্যাগ ও রক্তের পরে জনগণের চাওয়া কী, সেগুলো শুনতে চাই।’













