২০২৪ সালে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে আশ্রয় চেয়ে করা আবেদনের সংখ্যা তার আগের বছরের তুলনায় অন্তত ১১ শতাংশ কমেছে। সম্প্রতি বার্ষিক আশ্রয়বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইইউর আশ্রয় সংস্থা (ইইউএএ)।
সোমবার প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে মোট ১০ লাখ ১৪ হাজার আশ্রয় আবেদন জমা হয়েছে। ২০২৩ সালের তুলনায় সংখ্যাটি ১১ শতাংশ কম।ইইউর কড়াকড়ি অভিবাসননীতি, সীমান্ত নিরাপত্তা বাড়ানো ও বৈশ্বিক অভিবাসন প্রবাহে পরিবর্তনকেই আশ্রয়প্রার্থীর সংখ্যা কমার কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে।
২০২৪ সালে ইইউতে সিরিয়া, আফগানিস্তান, ভেনিজুয়েলা, তুরস্ক, কলম্বিয়া, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, রাশিয়া ও ইরান থেকে সর্বাধিকসংখ্যক আশ্রয় আবেদন জমা পড়েছে। সিরিয়ার এক লাখ ৫১ হাজার নাগরিক আশ্রয় চেয়ে আবেদন করেছেন। তারাই আশ্রয় আবেদনে শীর্ষে রয়েছেন।আফগানিস্তানের নাগরিকরা জমা করেছেন ৮৭ হাজার আবেদন। আগের বছরের তুলনায় ২৪ শতাংশ কমেছে আফগানদের সংখ্যা।
এ ছাড়া অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতার কারণে তুরস্ক থেকে ৫৮ হাজার, কলম্বিয়া থেকে ৫৩ হাজার ও ভেনিজুয়েলা থেকে ৬০ হাজার আবেদন জমা পড়েছে।
প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার দেশ ভারতের আশ্রয়প্রার্থীদের সংখ্যা সুনির্দিষ্টভাবে বলা হয়নি, তবে দেশটি থেকেও অভিবাসনের ধারা অব্যাহত রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।













