প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ৫ আগস্টের আগ পর্যন্ত যে উত্তেজনা এবং শক্তি নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা শত্রুর মোকাবেলা করেছি, আমাদের ছাত্র-জনতা বুক পেতে দিয়েছে, জীবন দিয়েছে, সেই ঐক্যে কোনো চিড় ধরেনি, ফাটল ধরেনি। ষড়যন্ত্র মোকাবেলায় আমরা এখনো সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি।
বুধবার (৪ ডিসেম্বর) ঢাকায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আয়োজিত সংলাপে সমাপনী বক্তব্যে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।
অধ্যাপক ইউনূস বলেন, ‘আমরা সেই জাতি যে জাতি ৫ আগস্টে স্বৈরাচারী সরকারকে বিদায় করেছি।সেই জাতি এখনো সজাগ আছে, ঐক্য মজবুত আছে এবং এই মজবুত ঐক্যের বিষয়টি দুনিয়ার সামনে তুলে ধরতে চাই।’
তিনি ষড়যন্ত্রকারীদের উদ্দেশে বলেন, কেউ যেন মনে না করে আমরা ঠান্ডা হয়ে গেছি। ঠান্ডা আমরা হইনি। আমরা আগের সেই পথেই আছি।













