জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সহকারী পরিচালক এবং কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ বলেছেন, খুনি শেখ হাসিনাকে অবিলম্বে দেশে এনে সকল হত্যার বিচার করতে হবে। বাংলার মানুষ আজ এই স্বৈরাচারের বিচার চায়। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন ঠিকই। কিন্তু তার সঙ্গে সমস্ত দেশটাকে লুট করে শেষ করে দিয়েছে।দেশের গণতন্ত্র শেষ করে দিয়েছে। সকল ন্যায় বিচার ব্যবস্থা ভেঙে দিয়ে গেছে। শুধু তাই নয়, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে হাজার হাজার মানুষ খুন করেছে। তাই দেশের জনগণ শেখ হাসিনার বিচার চায়।
শুক্রবার (২৯ নভেম্বর) বিকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার কর্মী সমাবেশে ছেংগারচর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।
তিনি আরো বলেন, গত ১৬ বছর আমরা কথা বলতে পারি নাই। আমাদেরকে অত্যাচার করেছে, আমাদের গুণী মানুষদের হত্যা করেছে, কোরআনের আইন প্রতিষ্ঠা করতে দেয়নি। কিন্তু তারা আজ কোথায়।













