সরকার পতনের সময় গত ৬ আগস্ট কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া পিলখানা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আমিনুল ইসলামকে (৩৯) গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব জানায়, গত ৬ আগস্ট দেশব্যাপী সহিংসতা ও সরকার পতনের উদ্ভূত সংকটপূর্ণ পরিস্থিতিকে কেন্দ্র করে গত ৬ আগস্ট সকাল পৌনে ৯টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে থাকা বন্দিরা হাঙ্গামা শুরু করে। কারাগারের ভেতরে কর্তব্যরত কারারক্ষীদের মারধর ও জিম্মি করে পালানোর চেষ্টা করে। এ সময় কয়েকজন কারাবন্দি কারা অভ্যন্তরে শতাব্দি কারাবন্দি ভবনের লকআপ গেট ভাঙচুর করে বের হয়ে ভবনের সিঁড়িতে লাগানো লোহার এঙ্গেল খুলে আক্রমণের হাতিয়ার তৈরি করে।অন্যান্য কারাবন্দিরা ভবনের লকআপ গেট ভেঙে ফেলে। কারাবন্দিরা ভবন থেকে বের হয়ে এক যোগে ভাঙচুর দাঙ্গা-হাঙ্গামা ও অগ্নিসংযোগ শুরু করে। ঘটনার একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কারারক্ষীরা এলার্ম বাজায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে অফ ডিউটিতে থাকা কারারক্ষীরাও এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
ওই সময় কারাবন্দিদের আক্রমণে প্রায় ২৫ জন কারারক্ষী আহত হয়।













