বাংলাদেশের বাজারে সাধারণত এপ্রিল মাস থেকেই কাঁচা আম পাওয়া যায়। তবে পাকা আম বাজারে উঠতে শুরু করে মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই, যা চলে একদম অগাস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত।

কিন্তু মে থেকে অগাস্ট, এই চার মাসের কোন মাসে কোন আম বাজারে কিনতে পাওয়া যায়, সে সম্বন্ধে কি আমরা জানি? অথবা, এত এত আমের মাঝে কোনটি কোন জাতের আম, সাদা চোখে তা কোন কোন বৈশিষ্ট্য দেখে চিহ্নিত করবো আমরা?
অনেক সময় অভিযোগ ওঠে যে বাজার থেকে ফজলি আমের নামে অনেক ক্রেতাদের হাতে আশ্বিনা আম ধরিয়ে দেওয়া হয়। আবার, জানাশোনার অভাব থাকায় ক্রেতারা হরহামেশা বাজার থেকে হিমসাগর আম কিনছেন ঠিকই। কিন্তু আদতে তা মোটেও হিমসাগর নয়, বরং অন্য জাতের আম।
বাহ্যিক দিক দেখে আম চিহ্নিত করার উপায় কী এবং সেই সাথে, কোন আমের পুষ্টিগুণ কেমন ও স্বাদের দিক থেকে কোন আম এগিয়ে ইত্যাদি বিষয়ে বিবিসি বাংলার সাথে কথা হয়েছে রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আব্দুল আলীম ও ল্যাবএইড হাসপাতালের পুষ্টিবিদ সামিয়া তাসনিমের সঙ্গে।













