জন্ম ইংল্যান্ডে। বেড়ে ওঠাও সেখানে। খেলেছেন ইংলিশ ফুটবলের অন্যতম সেরা দল চেলসিতে। শুধু তাই নয়, ইংল্যান্ডের বয়সভিত্তিক দলগুলোর সব পর্যায়ে খেলার অভিজ্ঞতা আছে তার। বলছি, মাইকেল মানসিয়েনের কথা। ৩৫ বছর বয়সী এই ডিফেন্ডারকে নিয়ে দুইটি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছে সিশেলস। মানসিয়েনের ক্লাব বার্টন আলবিওন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের জন্য তাকে শুভকামনা জানিয়েছে।
বাবা মাইকেল সিনিয়র ছিলন সিশেলস জাতীয় দলের সাবেক ফুটবলার। সেই সূত্র ধরেই সিশেলস জাতীয় দলের হয়ে খেলা জুনিয়র মাইকেলের। ২০২২ সালে আফ্রিকান দেশ বতসোয়ানার বিপক্ষে অভিষেক হয় মানসিয়েনের। এখন পর্যন্ত সিশেলসের হয়ে খেলেছেন মাত্র তিনটি ম্যাচ।













