৩০ জানুয়ারি মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘দ্য সাইলেন্স’। সময়ের অন্যতম আলোচিত তরুণ নির্মাতা ভিকি জাহেদ এটি নির্মাণ করেছেন। থ্রিলারধর্মী নির্মাণে তিনি নজর কেড়েছেন। তার ‘দ্য সাইলেন্স’ সিরিজে শিবলী চরিত্রে অভিনয় করেছেন সজল। এ চরিত্রের জন্য সিরিজটি মুক্তি পেতেই দর্শকের প্রশংসায় ভাসছেন অভিনেতা। অল্প সময়ের উপস্থিতিতেও রহস্যময় চরিত্রটিতে সজল নিখুঁত হয়ে ধরা দিয়েছেন। যার সংলাপ ও অভিব্যক্তি মন ছুঁয়েছে দর্শকের। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যাচ্ছে সজলের প্রশংসায় নানান লেখা। শুধু তাই নয়, ‘দ্য সাইলেন্স’ সিরিজে সজলের অভিনয় দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন অনেক তারকাও। তার মধ্যে অন্যতম গুণী অভিনেত্রী ডলি জহুর। তিনি ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাসে জানিয়েছেন সজল কতটা সাবলীল ছিলেন সিরিজটিতে। সেই সঙ্গে অভিনেতার চরিত্রটি দেখে ভয় পেয়েছেন তিনি, তা-ও জানালেন
সিরিজটি মুক্তির আগে বেশ জোরেশোরেই হয়েছে প্রচার। কিন্তু সেই প্রচারের আড়ালে ছিলেন সজল। সিরিজটিতে তার অভিনয়ের কথা জানতেন না প্রায় কেউই। সিরিজটি দেখতে বসে তাই ভয়ংকর একটি চরিত্রে সজলকে দেখে অবাক হয়েছেন দর্শক, চমকেছেনও তারা। এ প্রসঙ্গে সজল বলেন, ‘এটা সারপ্রাইজ ছিল। পরিচালক ভিকি জাহেদকে ধন্যবাদ চমৎকার গল্প ও চরিত্রে অভিনয়ের সুযোগ করে দেওয়ায়।’
সজল ছাড়াও দ্য সাইলেন্স সিরিজে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী, শ্যামল মাওলা, আজিজুল হাকিম, বিজরী বরকত উল্লাহ প্রমুখ।













