বিএনপি আজকের গণতন্ত্রের কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেছেন, আজকে আইএমএফ বলে যারা লাফিয়েছে, তারা নিবৃত হয়েছে। কারণ আইএমএফ প্রথম কিস্তি ঋণ দিয়েছে।আজ শুক্রবার বিকেলে ঝালকাঠি পৌরসভার এক নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ ও পুরনো সদস্য নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ঝালকাঠি সরকারি কলেজ চত্ত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে ওয়ার্ড আওয়ামী লীগ।
আমির হোসেন আমু বলেন, ‘বিশ্ব দেখছে বাংলাদেশে শুধু শেখ হাসিনার নেতৃত্বই প্রয়োজন। বিএনপি প্রথমে শুরু করল, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে হবে। সেই নেত্রী সরকারের কাছে মুচলেকা দিয়ে কারাগার থেকে বাসায় বসে চিকিৎসা নিচ্ছে।’তিনি আরো বলেন, ‘খালেদা জিয়ার পরিবার বলে না, কয়েকজন বিএনপি নেতা তাকে বিদেশে চিকিৎসার আন্দোলন করার চেষ্টা করেছিল, তাতে জনগণ সাড়া দেয়নি। তাদের সে আন্দোলন ব্যর্থ হয়েছে। পরবর্তীকালে তারা তত্ত্বাবধায়ক সরকার ও জাতীয় সরকার বলে আন্দোলন করছিল, জনগণ তাতেও সাড়া দেয়নি।’
‘এখন তারা দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি নিয়ে পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করছে’ উল্লেখ করে আমু বলেন, ‘আজকে করোনা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বে অর্থনৈতিক অবস্থা মন্দা, এরপরেও বাংলাদেশ অনেক ভালো আছে। শুধুমাত্র শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে।’
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. হানিফ খলিফার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন ও পৌরসভার এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির।