ঢাকা মহানগরীকে কেন্দ্র করে চারপাশ ঘিরে তৈরি হবে বৃত্তাকার রেলপথ। তবে এই রেলপথ মাটির সমান্তরালে থাকছে না। বেশির ভাগই থাকবে উড়ালপথে, বাকিটা মাটির নিচে। রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী ২০২৮ সালে এই রেলপথের নির্মাণকাজ শেষ হওয়ার কথা। এরই মধ্যে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ করেছে রেলওয়ে।
প্রকল্পটি প্রাইভেট পাবলিক পার্টনারশিপ (পিপিপি) প্রক্রিয়ায় বাস্তবায়ন করবে কোরিয়া। কোরিয়ার একটি প্রতিষ্ঠানও সম্ভাব্যতা যাচাই করে দেখেছে। এখন জমি অধিগ্রহণের কাজ শেষ হলেই মূল নির্মাণকাজের দিকে এগোতে পারবে রেলওয়ে। প্রাথমিকভাবে প্রকল্পের খরচ ধরা হয়েছে প্রায় ৭২ হাজার কোটি টাকা।
বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্পের খরচ আরো বাড়তে পারে। আবার রেলওয়ের বৃত্তাকার রেলপথ নির্মাণ প্রকল্পটি মহানগরকেন্দ্রিক হওয়ায় এটি বাংলাদেশ রেলওয়ে নির্মাণ করবে, নাকি মেট্রো রেল কর্তৃপক্ষ নির্মাণের দায়িত্বে থাকবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।













