কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে দুষ্কৃতকারীদের গুলিতে আরো এক রোহিঙ্গা নেতা (সাব মাঝি) নিহত হয়েছেন। গতকাল রবিবার ভোরে উখিয়া বালুখালী ৮ ইস্ট শিবিরে এ ঘটনা ঘটে। একই দিন টেকনাফের পাহাড়ে সশস্ত্র রোহিঙ্গারা চার কৃষককে অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, গত বছরের জুন থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত ২৭টি হত্যাকাণ্ডের বিষয়ে মামলা রেকর্ড করা হয়েছে। অন্যদিকে টেকনাফের নাফ নদ তীরবর্তী হ্নীলা ও মেরিন ড্রাইভ সংলগ্ন বাহারছড়া ইউনিয়ন দুটিতে গত দুই মাসে কমপক্ষে ২৫ জন স্থানীয় লোক অপহরণের শিকার হয়েছে। হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী ও বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন এসব তথ্য জানিয়েছেন। তাঁরা বলেছেন, অপহরণের বিষয়গুলো নিয়ে স্থানীয় লোকজন সাধারণত থানায় যেতে চায় না। কারণ এসব ঘটনা মুক্তিপণ দিয়েই সমাধা করা হয়।













