অধিনায়কত্ব ছাড়লেও মাশরাফি এখন অবসর নিচ্ছেন না। আদৌ কখনো নেবেন কিনা সেটা অনিশ্চিত। যে কারণে ধরে নেওয়া যায়- তিনি জাতীয় দলের সংস্পর্শে থাকবেন। তবে এই মুহূর্তে নির্বাচকদের ভাবনায় নেই মাশরাফি বিন মুর্তজা। সামনেই আসছে তিন দলের ওয়ানডে সিরিজ। তবে এই সিরিজে নিয়মিত অনুশীলনের মাঝে থাকা ক্রিকেটারদের নিয়েই দল গঠন করা হবে। যে কারণে মাশরাফির ফেরার অপেক্ষা বাড়ছে।
শ্রীলঙ্কা সফর বাতিল হলেও জাতীয় দলের ক্রিকেটারদের অনুশীলন চলছে। এর মাঝে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচও হয়ে গেছে। দ্বিতীয়টি শুরু হবে আগামীকাল সোমবার থেকে। এরপর একটি তিন দিনের ম্যাচ হওয়ার কথা ছিল। তবে পরিকল্পনা পাল্টে এখন ৩ দলের ওয়ানডে সিরিজ আয়োজন করতে যাচ্ছে বিসিবি। মাশরাফি যেহেতু ওয়ানডে খেলে যাচ্ছেন, সেহেতু তার সঙ্গে যোগাযোগও করা হয়েছিল। ম্যাশ নিজেই নাকি এই সিরিজে খেলতে অস্বীকৃতি জানিয়েছেন।
জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, মাশরাফি করোনা থেকে সুস্থ হয়ে উঠলেও এখনো পুরোপুরি ফিট নন। তাছাড়া তিনি অনুশীলনের মাঝেও নেই। তাই এই সিরিজের জন্য মাশরাফিকে বিবেচনা করছেন না তারা। তবে ম্যশ নাকি টি-টোয়েন্টি খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। সামনে যদি কর্পোরেট টি-টোয়েন্টি সিরিজ হয়, সেখানে তিনি খেলবেন। ওই টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়েই করোনা পরবর্তী ঘরোয়া ক্রিকেটের মৌসুম শুরু হওয়ার কথা রয়েছে।













