ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা ও সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে আগামী সোমবার দুই দিনের ঝটিকা সফরে মিয়ানমার যাচ্ছেন। তাঁদের সফর সঙ্গী হবেন ভারতীয় সেনা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তাও। শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
কভিড-১৯ মহামারি শুরুর পরে এটি পররাষ্ট্র সচিবের দ্বিতীয় বিদেশ সফর। করোনা বিধিনিষেধের মধ্যে গত আগস্টে বাংলাদেশ সফর করেছিলেন হর্ষবর্ধন শ্রিংলা।
এই বিষয়ে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অক্টোবরের ৪ ও ৫ তারিখ মিয়ানমার সফরে যাচ্ছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে ও পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। এই সফরে সময়ে তাঁরা মিয়ানমারের স্টেট কাউন্সিলার অং সান সু চি এবং স্বশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ সিনিয়র জেনারেল মিন অং হ্লাংয়ের সঙ্গে সাক্ষাত করবেন।
চীনের সঙ্গে ভারতের গত পাঁচ মাসের সীমান্ত বিরোধের প্রেক্ষাপটে মিয়ানমারে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। নয়াদিল্লি পাকিস্তান ব্যতিত অন্য সকল প্রতিবেশি দেশের সঙ্গে সম্পর্ক বাড়ানোর জন্য অবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে আরো জানানো হয়েছে, ভারতের সঙ্গে মিয়ানমারের সম্পর্ক দীর্ঘদিনের। পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধার উপরে ভিত্তি করে দুই দেশই নিজেদের লক্ষ্যে এগিয়ে চলেছে। ‘পূর্বে তাকাও নীতি’ এবং ‘প্রতিবেশীই প্রথম’ এই দুই আদর্শের উপর ভর করে এগিয়ে চলেছে ভারত। আর এই লক্ষ্যপূরণের জন্য মায়ানমারের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় করার চেষ্টা চলছে।
গত কয়েক বছর দু’দেশই বিভিন্ন ক্ষেত্রে এক অপরের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। যোগাযোগ ব্যবস্থা থেকে ব্যবসা, উন্নয়নমূলক প্রকল্প, শক্তি, প্রতিরক্ষা, নিরাপত্তা ও সংস্কৃতি-সহ একাধিক বিষয়ে যৌথ উদ্যোগে কাজ শুরু হয়েছে। সেই সম্পর্ক আরো দৃঢ় করতেই দুদিনে সফরে মিয়ানমার যাচ্ছেন ভারতের পররাষ্ট্রসচিব ও সেনাপ্রধান।
সূত্র : হিন্দুস্তান টাইমস।













