দেশব্যাপী তোলপাড় করা সিলেটের মুরারি চাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ ঘটনায় অবশেষে ঘুম ভেঙ্গেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের। ঘটনার পাঁচদিন পর বুধবার এক সদস্যের একটি তদন্ত কমিটি করেছে কর্তৃপক্ষ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম জানান, এক সদস্যের তদন্ত কমিটির প্রধান বিশ্ববিদ্যালয়ের সিলেট আঞ্চলিক কেন্দ্রের পরিচালক ড. মো. গোলাম রাব্বানী। কমিটিকে সরেজমিন পরিদর্শন করে পাঁচ কর্ম দিবসের মধ্যে দায়দায়িত্ব নিরূপণের মাধ্যমে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদনের আলোকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।
উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের শিকার হন এক গৃহবধূ। এ ঘটনায় ছয় ছাত্রলীগ নেতার নাম উল্লেখ করে মোট নয়জনের বিরুদ্ধে শাহপরান থানায় মামলা করেন ওই গৃহবধূর স্বামী।













