জাতীয় পার্টির নবম জাতীয় সম্মেলনের আগের দিন গতকাল শুক্রবার পার্টির শীর্ষ নেতৃত্বের প্রশ্নে সমঝোতায় এসেছে সর্বোচ্চ ফোরাম প্রেসিডিয়াম। দলীয় গঠনতন্ত্র সংশোধন করে সৃষ্টি করা হয়েছে ‘প্রধান পৃষ্ঠপোষক’ পদ। এ ছাড়া সংগঠনে যৌথ নেতৃত্ব প্রতিষ্ঠায় গঠনতন্ত্রের আরো কয়েকটি ধারা সংশোধন করে নতুন পদ সৃষ্টি করা হয়েছে।
গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত জাপার বনানী কার্যালয়ে অনুষ্ঠিত পার্টির প্রেসিডিয়াম সভায় এই সমঝোতা হয় বলে জানিয়েছেন বৈঠকে অংশ নেওয়া একাধিক প্রেসিডিয়াম সদস্য। ৫১ জন প্রেসিডিয়াম সদস্যের মধ্যে গতকালের বৈঠকে উপস্থিত ছিলেন ৪৮ জন। তিনজন সদস্য দেশের বাইরে থাকায় তাঁরা বৈঠকে উপস্থিত হতে পারেননি।
বৈঠকে অংশ নেওয়া প্রবীণ প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ কালের কণ্ঠকে বলেন, ‘পার্টির সর্বোচ্চ ফোরামে গতকাল সবার কণ্ঠে এক সুর ধ্বনিত হয়েছে, তা হলো যেকোনো মূল্যে পার্টির ঐক্য ধরে রাখতে হবে। শেষ পর্যন্ত সেটাই হয়েছে।’
তিনি ওই পদে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের পত্নী রওশন এরশাদের নাম প্রস্তাব করলে বৈঠকে তা সর্বসম্মতভাবে পাস হয়।’
অন্যদিকে সৈয়দ আবু হোসেন বাবলা চেয়ারম্যান পদে জি এম কাদেরের নাম প্রস্তাব করলে কেউ দ্বিমত করেননি।
আজ শনিবার সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে জাতীয় পার্টির নবম জাতীয় সম্মেলন। সম্মেলনে সভাপত্বি করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।













