গত এক বছরে দুই মাদরাসা ছাত্রীকে ধর্ষণসহ ছয় ছাত্রীকে যৌন নিপীড়নের কথা স্বীকার করেছেন মাদরাসার শিক্ষক মাওলানা আবুল খায়ের বেলালী। শুধু তাই নয়, নিজ মাদরাসার ছাত্রীদের তার গোপন কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করার পর তাদেরকে পবিত্র কোরআন শরীফের উপর হাত রেখে শপথও করাতেন। যাতে তারা এ বিষয়ে কাউকে কিছু না বলে। ঘটনাটি ঘটেছে নেত্রকোনার কেন্দুয়ায়।
গ্রেফতারের পর কেন্দুয়া পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই শিক্ষক এসব কথা স্বীকার করেন বলে জানান কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান।
এসব ঘটনায় শুক্রবার ধর্ষণের শিকার দুই মাদরাসা ছাত্রীর অভিভাবক থানায় দুটি মামলা দায়ের করেছেন। ওসি বলেন, শুক্রবার সকালে নিজ মাদ্রাসার এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কেন্দুয়া পৌর শহরের বাদে আঠারবাড়ি গ্রামের ‘মা হাওয়া (আ:) কওমি মহিলা মাদ্রাসা’র শিক্ষক মাওলা আবুল খায়ের বেলালীকে গ্রেফতার করে পুলিশ। দুই মামলায় ৬ দিনের রিমান্ড আবেদন করে মাওলানা আবুল খায়ের বেলালীকে শনিবার নেত্রকোনা আদালতে পাঠানো হয়।













