পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধদের দেখতে আজ শনিবার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টায় ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত রোগীদের খোঁজ-খবর নিতে যাবেন প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, গত বুধবার রাতের এ ঘটনার পর বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে চকবাজারের অগ্নিকাণ্ডের উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়। এ ঘটনায় ৬৭ জন প্রাণ হারিয়েছেন। এদিকে এ ঘটনায় আহতরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে ছয়জনের অবস্থাই আশঙ্কাজনক। তাঁদের আইসিইউতে নেওয়া হয়েছে। আর শারীরিক অবস্থা তুলনামূলক কিছুটা ভালো থাকায় বাকি তিনজনকে পোস্ট অপারেটিভ ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) ঘটনাস্থলে গিয়ে জানান, প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে সারারাত উদ্ধার কাজ পরিচালনা করা হয়েছে। প্রধানমন্ত্রী সারারাত জেগে উদ্ধার কাজ তদারক করেছেন। এ ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন তিনি।
সকালে ঘটনাস্থলে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।













