জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা লক্ষ্মীপুর-৪ আসনের ধানের শীষের প্রার্থী আ স ম আবদুর রব বলেছেন, শেখ হাসিনা জোর করে ক্ষমতায় যেতে চায়। তিনি যদি জোর করে নির্বাচনে জেতে তাহলে সবচেয়ে ক্ষতি হবে। উনি যদি হেরে যান সম্মানের সহিত থাকবেন। জোর করে জেতার চেয়ে হেরে যাওয়া তার জন্য সম্মানের।
আজ রবিবার দুপুরে লক্ষ্মীপুরের রামগতির পতাকা গ্রামের বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
অভিযোগ করে রব বলেন, ভোটে তাদের নিশ্চিত পরাজয় যেনে এখন তার নির্বাচনী এলাকায় নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন, নির্বাচনী প্রচারে বাধাঁ, অফিস ভাঙচুর ও মিথ্যায় মামলায় জড়িয়ে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। আগামি ২৪ ঘণ্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা না হলে যে কোন অনাকাঙ্খিত ও উদ্ভুত পরিস্থিতির জন্য সরকারকেই আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে হুশিয়ারি দেন তিনি।
জীবনে হুমকি নিয়ে ভোট করছি বলে উল্লেখ করে আ স ম রব আরও বলেন, তার নেতামর্কীদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়রানি ও গায়ে পড়ে উষ্কানি দিয়ে হামলা করছে আওয়ামী লীগ। তাদের নিশ্চিত পরাজয় দেখে এখন তারা কেন্দ্র দখল, মহিলাদের ভয়ভীতি দেখিয়ে ভোট কেন্দ্রে না যেতে দেওয়ার জন্য রটনা প্রোপাগান্ডা চালাচ্ছে। শুধু তাই নয় কেন্দ্রে সামনে ভোটারদের পথ রুদ্ধ, কেন্দ্র দখল করে সিল মারা, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে ভোটার বাক্স বদল ও ফলাফল বদলেরও পরিকল্পনা করা হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ঐক্যফ্রন্টের এই নেতা।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জেএসডি সহ-সভাপতি তানিয়া বর, জেলা জেএসডির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল ও কমলনগর উপজেলা জেএসডি সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব প্রমুখ।
প্রসঙ্গত, লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে মহাজোটের প্রার্থী বিকল্পধারা মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করছেন।













