ঢাকাই চলচ্চিত্রে একক আধিপত্য বিস্তারকারী অভিনেতা শাকিব। ভক্তদের ধারণা শাকিব এই সময়ে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে এক এবং অদ্বিতীয়। সোশ্যাল মিডিয়ায় এক ভক্তের দাবি এটা। গতকাল শাকিব খানের টেলিভিশন বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে সোশ্যাল মিডিয়ার কয়েকটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফরমে। সেখানে এরকম অজস্র মন্তব্য ঘুরে বেড়াচ্ছে। তবে এটাকে নিছকই মন্তব্য ভেবে উড়িয়ে দেয়ার অবকাশ নেই।
এই কথার যথার্থতা যাচাই করলে উত্তর পাওয়া যাবে। শাকিব খানের কোনো একটি ছবিকে আক্ষরিক অর্থে লস প্রোজেক্ট বলা যায় না। যৌথ প্রযোজনার কয়েকটি ছবির ব্যবসা মন্দা গেলেও শাকিবের অবস্থানের নড়চড় হয়নি। ঢাকাই ইন্ডাস্ট্রিতে শাকিবের সমতুল্য অভিনেতা এই মুহূর্তে কেউ নেই। বলা যায় এককভাবেই তিনি রাজত্ব করে চলেছেন বাংলা চলচ্চিত্রে। শাকিব খানের সিনেমা মানে লগ্নি উঠে আসবে। প্রযোজক থেকে শুরু করে বুকিং এজেন্ট, হল মালিকেরাও তা মনে করেন।
বলা হয় শাকিবকে বাণিজ্যিক চলচ্চিত্রের দর্শক ছাড়া কেউ চেনে না। কিন্তু অতি সম্প্রতি শাকিবের বেশ কয়েকটি চলচ্চিত্র সে ধারণা ভেঙে দিয়েছে। ঢাকার বাইরের সিনেমা হল ছাড়াও স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লক বাস্টারেও শাকিবের নবাব কিংবা শিকারীর জন্য লাইন ধরে দাঁড়াতে দেখা গেছে মানুষ।
হ্যাঁ এটা বলা যেতে পারে শাকিবকে তাদের নিকট অপরিচিত। যারা সিনেমা হলমুখী নন, যারা ড্রয়িংরুমে সিরিয়াল আর নাটক দেখে সময় কাটান। এবার তাদেরও নিস্তার নেই। শাকিব ঢুকে পড়েছেন ড্রয়িংরুমে। বেসরকারি মোবাইল অপারেটর বাংলা লিংকের একটি বিজ্ঞাপন দেখে চক্ষু ছানাবড়া হবার উপক্রম। শাকিব নিজেকে ভেঙেচুরে যেভাবে দাঁড় করালেন তাতে করে বিস্মিত না হয়ে উপায় নেই। এটাও একজন নেটিজেনের মন্তব্য। অর্থাৎ ড্রয়িংরুমের দর্শকরা এবার এমন শাকিবকে দেখে ভিড়মি খাবেই। ‘বেশি বেশি, এভরিবডি খুশি’ শিরোনামের এই বিজ্ঞাপনচিত্রে যেন দেখা গেল অন্য শাকিবকে, অনন্য শাকিবকে।
শাকিব যাদের নিকট প্রায় অপরিচিত এমন এক নেটিজেন লিখেছেন, ‘কিছুটা হলেও পরিবর্তনের দেখা পেলাম যাক দেখা খুশি খুশি হলাম। অনেক দিন পর হয়তোবা শাকিবকে ব্যবহার যোগ্য করে তুলতে পেরেছে।’
আরেকজন লিখেছেন, ‘বলার কিছু নেই। দেশ পরিবর্তন হচ্ছে এই গানটি সেটার প্রমাণ, শাকিব স্যার কে যেভাবে উপস্থাপন করালেন,আর কি লাগে। দেশের প্রতিভার মূল্য ছিল না যা এখন পরিবর্তন হচ্ছে, ভালো লাগছে।’
বিজ্ঞাপনটির নির্মাতা আদনান আল রাজীব আদনান আল রাজীব বলেন, ‘এমন একটি কনসেপ্ট নিয়ে বিজ্ঞাপনটি নির্মাণ করেছি যেখানে শাকিব খান ছাড়া কাউকে ভাবতে পারিনি। তিনি বলেন ইতিবাচক মন্তব্য পাচ্ছি যেটা নির্মাতা হিসেবে আনন্দদায়ক।’
এর আগে পাওয়ার এনার্জি ড্রিংকসের বিজ্ঞাপনে দেখা গিয়েছিল চিত্রনায়ক শাকিব খানকে। তবে সেটা এমনভাবে আলোচনায় আসেনি।













