- সাত মাসে মব ভায়োলেন্সে নিহত ১১৯ জন
সম্প্রতি দেশে প্রকাশ্যে হত্যা, ছিনতাই, ডাকাতি ও ধর্ষণের ঘটনা বেড়েছে। এতে দেশ জুড়ে তৈরি হয়েছে উদ্বেগ ও উৎকণ্ঠা। ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় ঢাকাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও শহরে প্রতিবাদ-বিক্ষোভ হচ্ছে। পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ কেউ কেউ অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও তুলেছেন। যৌথবাহিনীর সমন্বয়ে সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে একটি বিশেষ অভিযানের মধ্যে এই ঘটনাগুলো ঘটছে।
গত দুই মাসে রাজধানী ঢাকা শহরের বিভিন্ন স্থানে ছিনতাই ও আঞ্চলিক মহাসড়কে বাস ডাকাতির মতো বেশ কয়েকটি ঘটনা আলোচনায় এসেছে। সমসাময়িক বেশকিছু হত্যাকাণ্ড নিয়ে স্থানীয় মানুষ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এর মধ্যে প্রকাশ্যে হত্যার ঘটনা, গণপিটুনিতে হত্যা, বাড়ি থেকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করারও ঘটনা রয়েছে। পুরো পরিস্থিতিতে ছড়িয়ে পড়েছে এক ধরনের আতঙ্ক।
মানবাধিকার সংগঠনের হিসাব অনুযায়ী বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সাত মাসে মব ভায়োলেন্স তৈরি করে ১১৯ জনকে হত্যা করা হয়েছে। শুধু গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসেই ধর্ষণের শিকার হয়েছেন ৯৬ জন নারী ও শিশু। একই সময়ে রাজনৈতিক সহিংসতায় মারা গেছেন ১৬ জন। পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী গত জানুয়ারিতে খুন হয়েছেন ২৯৪ জন। আগের বছর অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারিতে খুন হয়েছিলেন ২৩১ জন।
বেড়েছে খুন :সর্বশেষ রাজধানীর উত্তরখান থানাধীন পুরানপাড়া এলাকায় ভাড়া বাসায় খুন হয়েছেন শান্তিনগরের হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ সাইফুর রহমান ভুঁইয়া। গত সোমবার ভোরের দিকে কোনো এক সময় এ হত্যাকাণ্ড ঘটে বলে ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনারের দায়িত্বে থাকা আহাম্মদ আলী জানান।













