বৃহত্তর সংঘাতের শঙ্কা
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া ইরানের রাজধানী তেহরানে গুপ্তহত্যার শিকার হয়েছেন। ইরান এবং হামাস এ জন্য ইসরায়েলকে দায়ী করে প্রতিশোধ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।
একই সময় লেবাননে ইসরায়েলি হামলায় আরেক হিজবুল্লাহ কমান্ডার নিহত হয়েছেন। এ ঘটনা অস্থিতিশীল মধ্যপ্রাচ্যকে আরও বিশৃঙ্খলায় নিমজ্জিত করতে পারে বলে আশঙ্কা রয়েছে। এর ফলে ইতালির রোমে গাজায় যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনার সাফল্য নিয়ে নতুন সন্দেহের সৃষ্টি হয়েছে। বিভিন্ন দেশ এ হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। গাজার বাসিন্দারা ক্ষোভ ও শোক প্রকাশ করে বলেছেন, হানিয়া তাদেরই প্রতিনিধিত্ব করেছেন। হামাস বলেছে, শেষ পর্যন্ত প্রতিরোধ আন্দোলনই বিজয়ী হবে।













