নিজস্ব সংবাদদাতা কল্যাণ চন্দ্র পলাশ : কুলাউড়ায় প্লাটুন টুয়েলভের আয়োজনে পাহাড়ে ঘুড়ি উৎসব উৎযাপন।
কুলাউড়ার সামাজিক সংগঠন প্লাটুন টুয়েলভ এর আয়োজনে পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে প্রথমবারের মতো ঘুড়ি উৎসব উৎযাপন করা হয়েছে।
১৫ জানুয়ারী মঙ্গলবার উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হলিছড়া চা বাগানের পাল টিলায় এই উৎসবের আয়োজন করা হয়।
ঘুড়ি উৎসবের শুরুতে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় বাঙালী সংস্কৃতির অংশ খেলাধূলার ঐতিহ্যকে ধরে রাখতে এই আয়োজন করা হয় বলে আয়োজকরা জানান। বক্তারাও আয়োজকদের সাথে সুর মিলিয়ে বলেন, খেলাধুলা ও সংস্কৃতি ধরে রাখলে আমাদের যুব সমাজকে বিভিন্ন অপসংস্কৃতি থেকে দূরে রাখা সম্ভব হবে। বাঙালীর হারিয়ে যাওয়া সংস্কৃতিকে ফিরিয়ে আনতে আজকে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন কবি ও সম্পাদক চঞ্চল আক্তার, কবি ও লেখক শহীদুল ইসলাম তনয়, কবি ও লেখক সঞ্জয় দেবনাথ, সাংবাদিক মোক্তাদির হোসেন, ক্লাবের বর্তমান সভাপতি রুবেল আহমদ, সম্পাদক সায়েম আহমদ, এছাড়াও প্লাটুন টুয়েলভের সাবেক সভাপতি কল্যাণ চন্দ্র পলাশ, সাবেক সম্পাদক মেহেদী হাসান সাদী, যুগ্ম সম্পাদক নূর এ ফেরদৌস ইভা, সিনি. সদস্য তাজুল ইসলাম তুহিন, সহ সাংগঠনিক সম্পাদক সুদীপ্ত আচার্য্যসহ কমিটির অন্যন্যরা।
আলোচনা শেষে উৎসব মূখর পরিবেশে ঘুড়ি উড়ানো প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। উপস্থিত শতাধিক অংশগ্রহণকারী নাটাই ঘুরিয়ে ঘুড়ি উড়ানোর চেষ্টা করেন। এর মধ্যে কেউ কেউ ঘুড়ি উড়াতে না পারলেও অনেকে আকাশ পানে সূতো ছেড়ে একে অন্যকে ঘায়েল করতে ব্যস্ত সময় পার করেন। তবে শেষ পর্যন্ত বিজয়ী তালিকায় স্থান পান মেহেরাব হোসেন, কল্লোল চন্দ্র পল্লব, জুনায়েদ আহমদ, তোফায়েল হোসেন রিফাত, রুজেল আহমদ।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথি ও আয়োজক প্লাটুন টুয়েলভের সদস্যরা। ঘুড়ি উৎসব শেষে ভবিষ্যতেও এই প্রতিযোগীতা ধারাবাহিকভাবে করার প্রত্যয় ব্যক্ত করেন প্লাটুন টুয়েলভের সদস্যরা।

















