ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে দাবি করে ইসরায়েল গত সপ্তাহে দেশটির বিরুদ্ধে ব্যাপক হামলা চালায়, যার জবাবে সঙ্গে সঙ্গে তেহরানও পাল্টাহামলা চালায়। ১৩ জুন থেকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত ২৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। অন্যদিকে ইসরায়েলি হামলায় অন্তত ২২৪ জন নিহত হওয়ার খবর জানিয়েছেন ইরান, যাদের মধ্যে সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী ও বেসামরিক লোকজন রয়েছে।
ইরানের সবশেষ হামলায় শুক্রবার ইসরায়েলের উত্তরাঞ্চলে বহু মানুষ আহত হওয়ার খবর জানিয়েছে দেশটির জরুরি সেবা বিভাগ ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ)।তাদের হিসাবে, বিস্ফোরণে অন্তত ২০ জন আহত হয়েছে। যার মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। এ ছাড়া কারমিয়েল এলাকার একটি আশ্রয়কেন্দ্রে হৃদরোগে আক্রান্ত হয়ে ৫১ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে বলেও জানানো হয়েছে।

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে আহত ১৭
এর মাঝেই রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে কর্মরত সিনিয়র সাংবাদিক ও উপস্থাপক গাজী আবদুর রশীদ তেহরান থেকে কালের কণ্ঠকে ফোনে সেখানকার পরিস্থিতি সম্পর্কে জানান।শহরের আজকের অবস্থা কেমন জানতে চাইলে তিনি বলেন, ‘তেহরানের অবস্থা এখন একেবারে মৃত্যুপুরির মতো। লোকজন বেশির ভাগই চলে গেছে। দোকানপাট সব কিছুই একরকম বন্ধ, বাজারঘাট বন্ধ, সরকারি কিছু বাজার সরকারের নির্দেশে খোলা আছে। কিন্তু সেখানে কোনো ক্রেতা নেই।













