ঈদুল আজহার অন্যতম আকর্ষণ হলো গরুর মাংস দিয়ে তৈরি নানা পদ। সাধারণভাবে কষা মাংস বা ভুনা মাংস তো সব সময়ই থাকে, কিন্তু যদি কিছুটা ভিন্ন রকমের রান্না হয়, তাহলে খাওয়ার আনন্দ হয় দ্বিগুণ। এবারের ঈদে পরিবার ও অতিথিদের জন্য রান্না করতে পারেন কুড়ানো নারিকেলে গরুর মাংস। ঘ্রাণে, স্বাদে এবং রূপে এই পদ যে কাউকে মুগ্ধ করবে।প্রয়োজনীয় উপকরণ
গরুর মাংস (হাড়সহ) – ২ কেজি
আদা বাটা – ১ টেবিল চামচ
রসুন বাটা – আধা চা চামচ
মরিচ গুঁড়া – ১ টেবিল চামচ
জিরা গুঁড়া – ১ চা চামচ
ধনে বাটা – ১ টেবিল চামচ
টক দই – আধা কাপ
এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা – পরিমাণমতো
লবণ – স্বাদমতো
পেঁয়াজ (রিং করে কাটা) – ২ কাপ
পেঁয়াজ বাটা – ১/৪ কাপ
গরম মসলা – ১ টেবিল চামচ
কুড়ানো নারিকেল – ২ কাপ
ভিনেগার – ১/৪ কাপ
টমেটো সস – আধা কাপ
চিনি – ১ চা চামচ
কাঁচা মরিচ – ৫টি
জায়ফল ও জয়ত্রী গুঁড়া – ১/২ চা চামচ করে
তেল – আধা কাপ
রান্নার পদ্ধতি
১. প্রথমে গরুর মাংস ধুয়ে সব বাটা মসলা ও টক দই দিয়ে ভালোভাবে মাখিয়ে ৩ ঘণ্টা মেরিনেট করে রাখুন।
২. কড়াইয়ে তেল গরম করে রসুন ভেজে নিন, তারপর পেঁয়াজ বাটা দিন।
৩. এবার মেরিনেট করা মাংস ঢেলে দিন এবং মৃদু আঁচে ভালোভাবে কষান।
৪. কষানো হলে ভিনেগার ও টমেটো সস যোগ করুন।
৫. মাংস সেদ্ধ হয়ে গেলে কুড়ানো নারিকেল, রিং পেঁয়াজ ও কাঁচা মরিচ দিয়ে আরও কিছুক্ষণ দমে রাখুন।
৬. সবশেষে গরম মসলা, জায়ফল ও জয়ত্রী ছিটিয়ে পরিবেশন করুন।
এই সুস্বাদু পদটি পোলাও, পরোটা কিংবা সাদা ভাত—সব কিছুর সঙ্গেই দারুণ মানিয়ে যাবে।
সূত্র : সাম্প্রতিক দেশকাল













