ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ। যা নিয়ন্ত্রণে না থাকলে হার্ট, কিডনি ও স্নায়ুর জটিলতা তৈরি করতে পারে। ওষুধের পাশাপাশি সঠিক খাদ্যাভ্যাস এই রোগ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন কিছু খাবার রয়েছে, যা নিয়মিত খেলে রক্তে শর্করার পরিমাণ কম রাখা সম্ভব—এর মধ্যে বাদাম অন্যতম।
কেন বাদাম উপকারী ডায়াবেটিক রোগীদের জন্য?
বাদামে থাকা ডায়েটারি ফাইবার ইনসুলিনের কাজকে উন্নত করে, ফলে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে থাকে। বেশির ভাগ বাদামে কার্বোহাইড্রেট কম থাকায় রক্তে শর্করার হঠাৎ বৃদ্ধির ঝুঁকি থাকে না। বিশেষ কিছু বাদামে থাকা মনোআনস্যাচুরেটেড ফ্যাট হৃৎপিণ্ড ভালো রাখে।
যে বাদামগুলো বেশি উপকারী
চিনাবাদাম : সহজলভ্য, সাশ্রয়ী ও গ্লাইসেমিক লোড কম।
আখরোট : ওমেগা-৩ সমৃদ্ধ, ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায়।
পেস্তা : অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবারে ভরপুর।
ম্যাকাডামিয়া নাট : হৃদযন্ত্র ও রক্তে চিনি দুটোই নিয়ন্ত্রণে রাখে।
কাঠবাদাম (অ্যালমন্ড) : ম্যাগনেসিয়াম ও ফাইবারে সমৃদ্ধ, ইনসুলিনের কার্যক্ষমতা বাড়ায়।
কিভাবে খাবেন?
প্রতিদিন এক মুঠো (প্রায় ৩০ গ্রাম) বাদাম খাওয়া যথেষ্ট। বড় আকৃতির বাদাম হলে ৬-৮টি বাদাম যথেষ্ট। খালি পেটে নয়, খাবারের মাঝে বা হালকা স্ন্যাকস হিসেবে খেলে ভালো।
সতর্কতা
ভাজা, লবণ দেওয়া বা প্রসেসড বাদাম না খাওয়াই ভালো। অতিরিক্ত বাদাম খেলে শরীরে অতিরিক্ত ক্যালরি ও ফাইবার জমে।যা ওজন ও সুগার বাড়াতে পারে। ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাদাম খাওয়ার পরিমাণ ঠিক করা উচিত।
সূত্র : এশিয়া নেট













