ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত পারফর্মেন্স ধরে রেখেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর আজ সোমবার নিজেদের তৃতীয় ম্যাচে উইন্ডিজের মুখোমুখি হয়েছে মাশরাফি বাহিনী। টস জিতে ব্যাটিংয়ে নেমে বিপদেই পড়েছে ক্যারিবীয়রা। তারা ভেবেছিল, একটা বড়সড় স্কোর গড়ে ফেলবে। কিন্তু সেটা আর হলো কই? অধিনায়ক মাশরাফি প্রথম আঘাত হানলেন। দলীয় ৩৬ রানে তার বলে সুনিল অ্যামব্রিস (২৩) সৌম্য সরকারের দর্শনীয় এক ক্যাচে পরিণত হন।
১৯ রানের ব্যবধানে তিন নম্বরে নামা ডোয়াইন ব্র্যাভোকে (৬) লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ। আরেক ওপেনার শাই হোপকে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন রোস্টন চেইজ। কিন্তু কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের জন্য তা সম্ভব হয়নি। দ্য ফিজের বলে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ধরা পড়ে প্যাভিলিয়নে ফিরেছেন চেইজ (১৯)।
এই রিপোর্ট লেখা পর্যন্ত উইন্ডিজের সংগ্রহ ২১.৪ ওভারে ৩ উইকেটে ৯৪ রান। ৪৫ রানে ব্যাট করছেন শাই হোপ।













