ক্রিকেটারদের জার্সিতে সাধারণত নিজের নাম লেখা থাকে। কিন্তু একটি ব্যতিক্রমী উদ্যোগ নিল বিপিএল ফ্র্যাঞ্চাইজি রাজশাহী কিংস। নিজের নামের বদলে এবার মায়ের নাম লেখা জার্সি পরে খেলতে নামবে ক্রিকেটারা। যেমন অধিনায়ক মিরাজের ৫৩ নম্বর জার্সির নিচে লেখা থাকবে ‘মিনারা’; সৌম্য সরকারের ৫৯ নম্বর জার্সির নাম হবে ‘নমিতা’। লরি ইভান্সের ১০ নম্বর জার্সিতে তেমনি লেখা ‘সুজান’।
বুধবার ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে মায়ের নাম লেখা জার্সি পরেই মাঠে নামবে মেহেদী মিরাজের দল। ‘মা দিবস’ কিংবা ‘নারী দিবস’ না থাকলেও কেন এই উদ্যোগ? রাজশাহী কিংস ফ্র্যাঞ্চাইজি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘আমাদের প্রাত্যহিক জীবনে মায়েদের যে অবদান ও ভূমিকা, তাতে জার্সিতে মায়ের নাম পরে মাঠে নামতে বিশেষ কোনো উপলক্ষ্যের প্রয়োজন হয় না।’
এদিকে অসাধারণ এই উদ্যোগে সামিল হতে তর সইছে না ক্রিকেটারদের। কিংস অধিনায়ক মেহেদী মিরাজ বললেন, ‘মায়ের নাম নিয়ে খেলাটা হবে নতুন অভিজ্ঞতা। মায়ের জন্য কিছু করাটা বিশেষ কিছু হবে আমাদের। আমরা ম্যাচটা জিততে চাই এবং মায়েদের উৎসর্গ করতে চাই।’
বুধবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে রাজশাহী কিংসের ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। এখনও পর্যন্ত বড় ইনিংস খেলতে না পারা হার্ডহিটার সৌম্য সরকার মন খারাপ করেই বললেন, ‘দেশে এটাই প্রথম। সব সময়ই ডাক নাম অথবা অফিশিয়াল নাম ব্যবহার করি জার্সিতে।এবার এমন কিছু হবে যেটা আগে ভাবিনি। সব সময়ই বলি আমরা আমাদের মায়েদের প্রতি ম্যাচ উৎসর্গ করতে চাই। এখন হচ্ছে আসল সময় মায়েদের উদ্দেশে একটা ম্যাচ উৎসর্গ করার। মায়েদের গর্বিত করার।’













